
৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রকৃত অর্থে খোলা আকাশের নিচে। এবারের মেলায় কোনও হল থাকছে না, যেখানে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন। এমনই জানিয়েছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড।
তার জায়গায়, তাঁদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে। একইসঙ্গে তাঁদের সুবিধার্থে, স্টলের ভাড়া অনেকটাই কমানো হয়েছে। কারণ এবারের মেলায় তাঁরা নিজেরা নিজেদের স্টল বানিয়ে নেবেন। পাশাপাশি লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে প্রায় এক হাজার। গতবছরের তুলনায় এবারে স্টলের সংখ্যা বাড়ছে না। একইভাবে বইমেলায় বাংলাদেশের কোনও স্টল থাকবে কি না সেই নিয়ে বিস্তারিত কিছুই বলতে পারেনি বইমেলা কতৃপক্ষ। তাদের দাবি, গোটা পরিস্থিতির ওপরেই নজর রাখা হচ্ছে। সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদ্যাপন হবে ৪ ফেব্রুয়ারি।
লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা। মেলার প্রথম রবিবার, ২ ফেব্রুয়ারি উদ্যাপন হবে শিশু দিবস। একইভাবে প্রথমবার বইমেলায় থ্রিডি মাস্কট লঞ্চ করা হয়েছে।








