শাহ-র ফ্যাশন মন্তব্যে বিতর্ক, হট্টগোল কংগ্রেসের

0
134
ছবি সৌজন্যে : এক্স

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিআর অম্বেডকরকে নিয়ে ফ্যাশন মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। বুধবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদেরা বিআর অম্বেডকরের ছবি হাতে বিক্ষোভ দেখিয়েছে।

জয় ভীম স্লোগান তোলেন তাঁরা। যা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। পাশাপাশি সংসদের দুই কক্ষেই এই নিয়ে হট্টগোল শুরু করেছেন কংগ্রেস সাংসদেরা। তাঁদের তরফ থেকে মুলতুবি প্রস্তাবও আনা হয়। দাবি, অবিলম্বে অমিত শাহ-কে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, অমিত শাহ সংবিধানের জনক অম্বেডকরকে অপমান করেছেন। অবিলম্বে তাঁকে সে জন্য ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে অমিত শাহের পদত্যাগের দাবিও তুললেন মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেছেন, এখন এক ফ্যাশন হয়েছে-অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর।

এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত। তাঁর সংযোজন, জহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।