
বাংলাদেশ থেকে একের পর এক হুমকির মধ্যে পূর্ব ভারতের শিলিগুড়ি করিডর নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অমিত শাহ। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে রাজনৈতিক নেতারা যেভাবে সেভেন সিস্টার দখল, চিকেন নেক কব্জায় নেওয়ার একের পর এক হুমকি দিচ্ছেন।
সেই আবহে শুক্রবার শিলিগুড়িতে এসএসবি-র প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই অমিত শাহ বলেছেন শিলিগুড়ি করিডরে যেভাবে এসএসবির নজর রয়েছে তাতে বাইরের কোনও অসাধু শক্তি দেশে কোনও প্রভাব ফেলতে পারবে না। এছাড়া নেপাল, ভুটানের সীমান্ত নিয়ে তাঁর কোনও চিন্তা নেই বলেই জানিয়েছেন। অমিত শাহ বলেছেন নেপাল-ভূটানের সঙ্গে ভারতের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রয়েছে এসএসবির জন্য। সীমান্ত দিয়ে অবৈধ কারবার রুখে দিয়েছে জওয়ানরা। তিনি আরও বলেছেন এসএসবি আছে বলে শিলিগুড়ি করিডর নিয়ে চিন্তার কিছু নেই। এসএসবির জন্যই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিশ্চিন্তে রয়েছে। পূর্বাঞ্চলে নকশাল দমনেও এসএসবির ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিহার ঝাড়খণ্ড নকশালমুক্ত হওয়ার জন্য এসএসবির ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসএসবির সক্রিয়তার জন্যই নকশাল প্রভাব কমেছে রাজ্যগুলোয়।
