
পঞ্জাবের মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে ১০-১৫ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।
তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, শনিবার মোহালির সোহানা এলাকায চারতলা বাড়িটি আচমকাই ভেঙে পড়ে। রাতে গুরুতর জখম অবস্থায় ধ্বংসস্তূপের নীচ থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দৃষ্টি বর্মা। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। সারা রাত ধরে উদ্ধারকাজ চালিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা। কংক্রিটের বড় বড় চাঙর সরানোর জন্য নিয়ে আসা হয়েছে ভারী যন্ত্রপাতিও। স্থানীয় সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে চিকিৎসক দল, অ্যাম্বুল্যান্স। পুলিশ ইতিমধ্যেই বহুতলের মালিক পারবিন্দর সিংহ এবং গগনদীপ সিংহের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
ওই বহুতলের পাশেই একটি নির্মাণকাজ চলছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তার জেরেই বহুতলটির ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছেন পুলিশ সুপার দীপক পারেখ।







