
বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে ভক্তদের পোশাকবিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
ভক্তদের মন্দিরে পোশাকবিধি মেনে আসার পরামর্শও দিয়েছেন তাঁরা। প্রতি বছর ডিসেম্বর থেকে ইংরেজি নববর্ষের সময় পর্যন্ত বাঁকে বিহারি মন্দিরে বাড়তি ভিড় হয়। বহু মানুষ পুণ্যলাভের আশায় মন্দিরে যান। কিন্তু ভিনরাজ্য থেকে আসা ভক্তদের নিয়ে সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। অভিযোগ, অনেকেই সাধারণ পোশাক পরে মন্দিরে চলে আসছেন। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। ভক্তদের উদ্দেশে বাঁকে বিহারি মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে, মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট বা রাতপোশাকের মতো জামাকাপড় মন্দিরের পক্ষে উপযুক্ত নয়। এতে জায়গাটির পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়।
সকলকে সঠিক পোশাক পরে মন্দিরে আসার কথা বলা হয়েছে। এই বার্তা দিয়ে বৃন্দাবনের রাস্তায় একাধিক ব্যানার টাঙিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত প্রচার করা হয়েছে।








