
কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সায়েন্স সিটির মাঠে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। ২৩তম বর্ষে এই মেলার উদ্বোধন করে শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেছেন প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।
এই প্রবণতা শরীরের পক্ষে ক্ষতিকারণ বলে মন্তব্য করেও শিল্পমন্ত্রী বলেছেন এতে ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ খুলেছে। একইসঙ্গে শশী পাঁজা জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয়। এই ক্ষেত্রের তৈরি পণ্য দেশ বিদেশে সমাদৃত। কলকাতায় আয়োজিত এই বাণিজ্য মেলায় স্টলের সংখ্যা হাজারেরও বেশি। পশ্চিমবঙ্গ ছাড়াও ২২টি রাজ্যের স্টল রয়েছে। সেখানে পাওয়া যাচ্ছে সেই সেই রাজ্যের উৎপাদিত বিভিন্ন পণ্য।
শুধু দেশের নয় নেপাল, ভুটান, আফগানিস্তান, মিশরের মত ১৭ টি দেশেরও স্টল রয়েছে এই মেলায়। খাবার থেকে শুরু করে পোশাক, আসবাবপত্র থেকে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, সাজগোজের প্রোডাক্ট থেকে স্বাস্থ্য সুরক্ষার রকমারি জিনিসপত্র বিক্রি হচ্ছে স্টলগুলোয়।








