
নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। নির্বাচনী নথি গোপনে নয়া আইন নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সভাপতি বলছেন, এই নয়া নিয়মেই স্পষ্ট নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। ভারতের নির্বাচন ব্যবস্থায় বড়সড় বদল এনে নয়া আইন ঘোষণা করেছে কেন্দ্র। ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৯৩-২ ধারা অনুযায়ী, এতদিন ভোেট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন বদলে কেন্দ্র জানায়, শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলিই এবার থেকে প্রকাশ্যে আনা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সব নথি আর প্রকাশ্যে আনা হবে না। আদালতও চাইলে নির্বাচন কমিশনকে ভোেট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। খাড়গের দাবি, কেন্দ্র তথা নির্বাচন কমিশন ভোেট প্রক্রিয়ায় স্বচ্ছতা চাইছে না। সেকারণেই ভোট সংক্রান্ত সব তথ্য প্রকাশ্যে আনতে আপত্তি। এদিকে, নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত নিয়মকানুন বদলের জন্য কেন্দ্রকে তোপ দেগেছে সিপিএম-র পলিট ব্যুরো।
এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক দল এবং প্রার্থীদের ভিডিও এবং অন্যান্য ডিজিটাল ট্রেল সহ ইলেকট্রনিক রেকর্ডে অ্যাক্সেস সীমিত করার জন্য নির্বাচনী আচরণবিধি সংশোধন করার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপের তীব্র আপত্তি প্রকাশ করেছে।





