পুরুলিয়ার রাইকা পাহাড়ে ঘুরঘুর, বাঘিনি জিনত অধরাই

0
599
ছবি সৌজন্যে : নিজস্ব

রাতভর পুরুলিয়ার রাইকা পাহাড় এবং সংলগ্ন কুইলাপালের জঙ্গলেই রইল বাঘিনি জিনত। সোমবার সকালে জিপিএস-এর মাধ্যমে বন দফতরের আধিকারিকেরা জানতে পেরেছেন, রবিবারের পর আর অবস্থান পাল্টায়নি সে।

ইতিমধ্যেই ওই পাহাড় লাগোয়া অঞ্চলে উপস্থিত হয়েছেন বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা। বাঘিনিকে ধরতে চেষ্টার অবশ্য কোনও ত্রুটি রাখা হচ্ছে না। ইতিমধ্যেই সমতল এলাকায় ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয়েছে। আরও দু’টি খাঁচা বসানো হতে পারে বলে জানা গিয়েছে।এই প্রসঙ্গে পুরুলিয়ার বিভাগীয় বন আধিকারিক অঞ্জন গুহ বলেন, ওই বাঘিনিকে সুস্থ ভাবে সিমলিপালের জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। রাইকা পাহাড়ে রয়েছে বাঘিনি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শ্যাডো জোন হওয়ার কারণে কিছু সময়ের জন্য বাঘিনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেই জিনতের গতিবিধির উপরে নজর রাখছেন বন দফতরের আধিকারিকেরা। বন দফতর সূত্রে খবর,ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জিনত। সিমলিপাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল সে।

সেখানে জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। এর পর চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কটুচুয়ার জঙ্গলে ঢুকে পড়ে জিনত। তার পর সেখান থেকে পুরুলিয়া।