
আদালতের চত্বরেই ছুরি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নদিয়ার কল্যাণী মহকুমার আদালত চত্বরে। আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে নদিয়ার শিমুরালি এলাকার রূপালি হালদারের সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয়েছিল চাকদার সুভাষনগরের বাসিন্দা সুমন সাহার। দম্পতির ৬ বছরের একটি মেয়ে রয়েছে। বছর তিন ধরে রূপালি এবং সুমনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ১৯ ডিসেম্বর শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন রূপালি। তাঁর খোঁজখবর না পেয়ে চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করেন শ্বশুরবাড়ির লোকজন। তদন্তে নেমে রূপালির খোঁজ পায় চাকদহ থানার পুলিশ। কিন্তু রূপালি জানিয়েছেন তিনি স্বইচ্ছায় বাড়ি ছেড়েছেন। মঙ্গলবার রূপালিকে নিয়ে কল্যাণী আদালতে যায় পুলিশ।
ডাকা হয় স্বামী সুমনকেও। অভিযোগ আদালতের কাজ শেষ হওয়ার পর রূপালির গলায় ছুরির কোপ বসান সুমন। এরপর পেটে ছুরি ঢুকিয়ে দেন। আদালত চত্বরেই কয়েকজন সুমনকে ধরে ফেলে পুলিশে তুলে দেন।
