
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাজপেয়ীর শততম জন্মদিন থেকে শুরু হয়েছে তাঁর শতবর্ষ উদযাপন। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকথা লিখেছেন নরেন্দ্র মোদী। দাবি করেছেন, দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে একবিংশ শতাব্দীতে ভারতের রূপান্তরের স্থপতি অটলবিহারি বাজপেয়ীর প্রতি। ১৯৯৮ সালে যখন তিনি শপথ নেন, দেশ এক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। ৯ বছরের মধ্যে আমরা ৪টি লোকসভা নির্বাচনের সাক্ষী হয়েছিল। দেশের মানুষ অধৈর্য হয়ে পড়ছিল এবং সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দিহানও হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে অটলজিই সক্ষম হয়েছিলেন স্থায়ী ও কার্যকরী প্রশাসন দিতে। প্রযুক্তি, টেলিকম ও যোগাযোগ ক্ষেত্রে তাঁর অবদানের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও অর্থনীতি থেকে সমাজ, বিভিন্ন ক্ষেত্রে অটলবিহারী বাজপেয়ীর অবদানের কথাও লিখেছেন তিনি। তাঁর লেখায় তিনি জানিয়েছেন, অটলজি ভারতীয় গণতন্ত্রকে বুঝতেন এবং সেটিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন। তিনি মানুষকে একত্রিত করে এনডিএকে উন্নতি, জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক শক্তিতে পরিণত করেছিলেন।
এদিকে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অন্যান্য সমস্ত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।








