সিরিয়ায় প্রত্যাঘাত আসাদ বাহিনীর, নিহত ১৪ আধিকারিক

0
1167
ছবি সৌজন্যে : এক্স
ক্ষমতা হারানোর আড়াই সপ্তাহের মধ্যেই প্রত্যাঘাত করেছে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। বাশার আল-আসাদ বাহিনীর হামলায় নতুন অন্তর্বর্তী সরকারের অন্তত ১৪ জন নিরাপত্তা আধিকারিক-সহ ১৭ জনের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অন্তত ১০। বৃহস্পতিবার সে দেশের বিদ্রোহী জোটের সরকারের তরফে এই কথা জানানো হয়েছে।জানা গিয়েছে, ভূমধ্যসাগরীয় বন্দর টারতুসের কাছে দু’তরফের সংঘর্ষ শুরু হয়। সেখানেই আসাদ বাহিনীর হামলায় ১৪ জন নিরাপত্তা আধিকারিক নিহত হন। মৃত্যু হয় বাশার আল-আসাদ অনুগত তিন সেনারও। সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দামাস্কাসের কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত বাশার আল-আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেফতারের উদ্দেশে টারতুসে অভিযান চালানো হয়েছিল। তখনই দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।৮ ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এবং তাদের সহযোগী জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রাণ বাঁচাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ প্রাক্তন সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে।