
ভারতে অনুপ্রবেশের অভিযোগে দিল্লিতে ৮ বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য।
পুলিশ জানিয়েছে, ওই বাংলাদেশের নাগরিকর জঙ্গল রুট, ট্রেন ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। দিল্লি পুলিশ বৈধ ভারতীয় নথিপত্র ছাড়াই বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে পেরেছে। এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিকরা হলেন জাহাঙ্গীর, তার স্ত্রী পরিনা বেগম এবং তাদের ছয় সন্তান। জানা গিয়েছে, তাঁরা সবাই দক্ষিণ পশ্চিমের রংপুরীতে বসবাস করতেন। এ বিষয়ে দিল্লি পুলিশ আরও জানিয়েছে, জাহাঙ্গীর স্বীকার করেছে যে সে মূলত বাংলাদেশের ঢাকার বাসিন্দা। তিনি জঙ্গল রুট এবং এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। আর এখানেই বসবাস শুরু করেন। তবে দিল্লিতে স্থায়ী হওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন, এরপর বাংলাদেশে গিয়ে স্ত্রী পরিনা বেগম এবং ছয় সন্তানকে নিয়ে আসেন ভারতে। পুলিশ জানিয়েছে, তারা তাদের আসল পরিচয় গোপন করে দিল্লির দক্ষিণ পশ্চিমের রংপুরী এলাকায় বসবাস শুরু করে।
দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশিদের খুঁজতে তৎপর হয়েছে প্রশাসন। সম্প্রতি দিল্লিতে অবৈধ বাংলাদেশি নাগরিক-সহ অবৈধ অভিবাসীদের যাচাইয়ের জন্য দক্ষিণ পশ্চিম জেলায় একটি অভিযান চালানো হয়েছিল।
