
মেলবোর্নে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জসপ্রীত বুমরাহ। ভেঙেছেন কপিল দেবের রেকর্ডও।
টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রেও একাধিক নজির গড়েছেন জসপ্রীত বুমরাহ। কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা বোলার বলা হয়, তা আরও এক বার বুঝিয়ে দিয়েছেন। জসপ্রীত বুমরাহ লাল বলের ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করার পথে উইকেট পিছু খরচ করেছেন ১৯.৫৬ রান। টেস্টে ২০০টি উইকেট রয়েছে এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচ করার নজিরও গড়েছেন তিনি। জসপ্রীত বুমরাহ ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার জোয়েল গার্নারের নজির। আরও দুই ক্যারিবিয়ান বোলারকে টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁরা হলেন ম্যালকম মার্শাল এবং কার্টলে অ্যামব্রোজ।বুমরাহ টেস্টে ২০০ উইকেট পূর্ণ করতে ৮৪৮৪টি বল করেছেন। এত কম বল করে ভারতের আর কোনও বোলার টেস্টে ২০০ উইকেট পাননি। এক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে থাকলেন তিনি। বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনিসের দখলে।দ্বিতীয় স্থানে আছেন ডেল স্টেন। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকারই কাগিসো রাবাডা। রবিবারের পর জসপ্রীত বুমরাহের টেস্ট উইকেট সংখ্যা হল ২০২টি। অস্ট্রেলিয়ার মাটিতে কোনও একটি টেস্ট সিরিজে ভারতের সফলতম জোরে বোলার হলেন তিনি।
ভেঙেছেন কপিল দেবের রেকর্ড। ১৯৯১-৯২ মরসুমের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ২৫টি উইকেট নিয়েছিলেন কপিল দেব।







