
কথা দিয়েছিলেন আসবেন, সেইমত সোমবার সন্দেশখালিতে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে অশান্ত সন্দেশখালি এখন অনেকটাই শান্ত।
এই অবস্থায় প্রায় এক এক বছর পর সোমবার দুপুরে সন্দেশখালি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ২নম্বর ব্লকের কর্ণখালির মিশন মাঠে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। লোকসভার ভোটের প্রচারে মে মাসে বসিরহাটে সুইসগেট মাঠে হাজি নুরুলের সমর্থনে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সন্দেশখালি যাওয়ার দাবি তুলেছিলেন বাসিন্দারা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলকে জেতালে তিনি সন্দেশখালিতে যাবেন। বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল জিতলেও কিছুদিন পরে তাঁর মৃত্যু হয়। পরে সেই আসনে জেতে হাজি নুরুলের ছেলে। এরইমধ্যে মুখ্যমন্ত্রী নিজেই সন্দেশখালি যাওযার কথা জানান। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছিল বেশ কয়েকদিন ধরে।
সেই মত প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছে। মঞ্চ বাঁধার কাজও শেষ। স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচির শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
