
প্রায় এক মাস নিখোঁজ থাকার পর স্কটল্যান্ডের নদীতে ভারতীয় ছাত্রীর মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম সান্ত্রা সাজু। তিনি কেরলের বাসিন্দা ছিলেন।
পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ে।কিন্তু ডিসেম্বর মাসের শুরুতে হঠাৎই নিখোঁজ হয়ে যান সান্ত্রা সাজু। বহু চেষ্টা করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্কটল্যান্ড পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। এরপরেই তদন্ত নামে পুলিশ।বহু খোঁজাখুঁজির পর অবশেষে বছর বাইশের সান্ত্রা সাজুর দেহ উদ্ধার করা হয়। এক বিবৃতি দিয়ে স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, এডিনবার্গের নিউব্রিজের কাছে এক নদীতে ভাসতে দেখা যায় সান্ত্রা সাজুর দেহ। পরনের কালো জামা দেখে পুলিশ তাঁকে চিনতে পারে। তবে দেহ শনাক্তকরণের জন্য খবর দেওয়া হয়েছে বাড়িতে।
পুলিশ আরও জানিয়েছে, শেষবার সান্ত্রা সাজুকে দেখা গিয়েছিল লিভিংস্টনের আলমন্ডভ্যালে এক সুপার মার্কেট। সঙ্গে একটা বড় ব্যাগ ছিল তাঁর। পরনে ছিল কালো হুডি। ওই সুপার মার্কেট থেকে সান্ত্রা সাজু আর কোথাও কোথাও গিয়েছিল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে বন্ধু-বান্ধবদেরও।
