
বাংলাদেশে মুজিববাদী সংবিধান কবরস্থ কর্মসূচি স্থগিত করে অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির সময়সীমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জানিয়েছিল, মঙ্গলবার তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না। এরপর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে জমায়েত হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্লোগানে দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে।সেই পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষার কথা জানতে জেলায় জেলায়, মহল্লায় মহল্লায় যেতে হবে। তাদের কথা শুনতে হবে যে তারা কী বলতে চায়।আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে তাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।
অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা করে তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়।








