
কেরলে নাবালিকা ছাত্রীকে নির্যাতনের অভিযোগে টিউশন শিক্ষককে ১১১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। করা হয়েছে জরিমানাও। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে।
২০১৯ সালে সেখানে একাদশ শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে টিউশন শিক্ষকের বিরুদ্ধে। নাবালিকা ছাত্রীকে নির্যাতনের কথা জানতে পেরে অভিযুক্তের স্ত্রী আত্মঘাতী হয়েছেন। ছাত্রীকে বিশেষ ক্লাসের নাম করে ওই শিক্ষক নিজের বাড়িতে ডেকেছিলেন বলে অভিযোগ।নির্যাতনের ঘটনা ভিডিয়ো রেকর্ডও করেছিলেন নিজের মোবাইলে। পাঁচ বছর ধরে মামলার শুনানি চলেছে। অবশেষে তিরুঅনন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে।জানা গিয়েছে, অভিযুক্ত সরকারি চাকরি করতেন। পাশাপাশি টিউশনও পড়াতেন। ঘটনার পর ওই ছাত্রী টিউশনে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর তার ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেন অভিযুক্ত। ছাত্রীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
যদিও তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। কিন্তু তাঁর মোবাইল ফোনের সূত্র ধরেই দোষ প্রমাণ করে দেন ছাত্রীর পক্ষের আইনজীবীরা।






