
৭ ঘণ্টা ধরে কল্যাণীর বৃদ্ধকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা, কোটি টাকা লুঠের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে রানাঘাটের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশের সন্দেহ কলম্বিয়া এবং দুবাইয়ের সাইবার প্রতারকেরা যুক্ত রয়েছে এই চক্রে।
জানা গিয়েছে কল্যাণীর ওই বৃদ্ধের হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের অফিসার বলে দাবি করেন। রানাঘাট পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সূত্রে খবর ভিডিও কলে ওই প্রতারক বৃদ্ধকে জানিয়েছেন একটি গুরুতর অপরাধে তাঁর নাম জড়িয়েছে। অভিযোগ একথা বলে তাঁকে ডিজিটাল গ্রেফতার করা হয়। তারপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে বলে। ঘাবড়ে গিয়ে দফায় দফায় প্রতারকের দেওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় কোটি টাকা পাঠিয়ে দেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ করেন তিনি। তদন্তে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট এবং দিল্লির যোগ পায় পুলিশ। এরপরেই রানাঘাট পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একটি দল অভিযানে নামে।
গ্রেফতার করা হয় ১৩ জনকে। এঁরা আন্তর্জাতিক সাইবার প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।
