
বিষ দিয়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মস্কোতেই নিজের অ্যাপার্টমেন্টেই আসাদকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় প্রাণরক্ষা হয়েছে। বিদেশের মাটিতে এই ধরনের ঘটনায় আসাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের শেষভাগে বিদ্রোহীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। রাজধানী দামাস্কাস সহ একের পর এক শহর দখল করেছে সশস্ত্র বিদ্রোহীরা। প্রাণ বাঁচাতেই বাধ্য হয়ে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আশ্রয় নিয়েছিলেন রাশিয়ার মস্কোয়। সেখানেও তিনি নিরাপদ নন। তাঁর নিজের অ্যাপার্টমেন্টেই বিষ দিয়ে তাঁকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচর জেনারেল এসভিআর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন বাশার আল আসাদ। ভয়ঙ্করভাবে কাশি শুরু হয়েছিল তাঁর, কার্যত দম বন্ধ হয়ে এসেছিল। সঙ্গে সঙ্গেই চিকিৎসক এসে পরিস্থিতি সামাল দেয়।








