ট্রাম্পের সমালোচক লিজ চেনিকে বাইডেনের পদক

0
90
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লিজ চেনিকে নাগরিক সেবা পদক প্রদান করেছেন। তিনি প্রাক্তন রিপাবলিকান কংগ্রেসউওম্যান ও ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত।

বাইডেনের এই পদক্ষেপ এমন এক সময়ে, যখন ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর চেনি আইনি সমস্যার মুখে পড়তে পারেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, উয়াওমিং অঙ্গরাজ্যের প্রাক্তন হাউস প্রতিনিধি লিজ চেনি ও আরো ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পদক প্রদান করা হয়েছে।দেশ ও জনগণের জন্য উদাহরণযোগ্য সেবার স্বীকৃতিস্বরূপ পদকটি দেওয়া হয়েছে। আমেরিকার সরকারের দ্বিতীয় এই সর্বোচ্চ অসামরিক পুরস্কার এ বছর আরো যারা পাচ্ছেন তাদের মধ্যে আছেন প্রাক্তন সিনেটর ক্রিস ডড, প্রাক্তন হাউস প্রতিনিধি ক্যারোলিন ম্যাককার্থি ও বর্তমান আইন প্রণেতা বেনি থম্পসন।থম্পসন সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, যা ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করেছিল। অন্যদিকে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনি ওই কমিটির ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।হোয়াইট হাউসের বিবৃতিতে চেনি সম্পর্কে বলা হয়েছে, তিনি আমেরিকার জাতির মুক্তি, মর্যাদা ও শালীনতার আদর্শ রক্ষায় কণ্ঠ তুলেছেন এবং উভয় রাজনৈতিক পক্ষের মধ্যে সমঝোতার জন্য কাজ করেছেন।

এদিকে ৫৮ বছর বয়সী লিজ চেনি সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তবে ২০২২ সালে তিনি কংগ্রেস সদস্যর আসন হারান একজন ট্রাম্পপন্থী প্রার্থীর কাছে।