
গ্রেফতারির পর এবার জেলই ঠিকানা হতে চলেছে বিহারের জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের। সোমবার ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেয় পাটনা সিভিল কোর্ট।
তবে জামিনের শর্তে সাক্ষর করতে রাজি হননি প্রশান্ত কিশোর।প্রশান্ত কিশোরের আইনজীবী বলেছেন, আদালতের তরফে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হলেও, জামিনের জন্য একাধিক শর্ত দেওয়া হয়। এখানে অন্যতম শর্ত ছিল ভবিষ্যতে এমন অপরাধ তিনি আর করবেন না। কিন্তু প্রশান্ত কিশোর দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। ধর্নায় বসা ও আন্দোলন করা তাঁর অধিকার। ভবিষ্যতে তিনি যদি কোনও আন্দোলন করেন তবেন এই শর্তের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করবে। এরপর আদালতের কাছে আবেদন জানানো হয়, শর্তনামা থেকে নির্দিষ্ট ওই শর্ত বাদ দেওয়ার জন্য। তবে বিচারক স্পষ্ট জানিয়ে দেন নির্দেশ জারি হয়ে গিয়েছে। জামিন পেতে গেলে এই শর্ত মানতে হবে তাঁকে।এই ইস্যুতে দীর্ঘ টালবাহানা চলার পর প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়ে দেন, শর্তনামা থেকে নির্দিষ্ট ওই শর্ত না সরানো হলে তাতে সই করবেন না তিনি। এই অবস্থায় যদি জামিন নাও পাওয়া যায় তবে জেলে যেতেও প্রস্তুত তিনি। উল্লেখ্য, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পড়ুয়ারা। তাদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।
সোমবার ভোর ৪টে নাগাদ তাঁর অনশনমঞ্চে হানা দেয় বিহার পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাঁকে।





