ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডে সায় হুথির :  ইয়েমেন দূতাবাস

0
164
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

প্রেসিডেন্ট নয়, ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডে সিলমোহর দিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথি। এমনটাই জানিয়েছে দিল্লিতে অবস্থিত ইয়েমেনের দূতাবাস।

এর আগে জানা গিয়েছিল, সোমবার বন্দি ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডে সিলমোহর দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আমিনি। কিন্তু সোমবার ইয়েমেনের দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্ট নন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন হুথির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের নেতা মেহদি আল-মশাত। ইয়েমেনের উত্তরাংশ দীর্ঘদিন ধরেই হুথির নিয়ন্ত্রণাধীন। সেখানে সমান্তরালভাবে সরকারও চালায় তারা। নিমিশা প্রিয়া যে ঘটনায় অভিযুক্ত এবং পরে দোষী সাব্যস্ত হয়েছেন, সেটিও উত্তর ইয়েমেনে ঘটে। তাছাড়া নিমিশা প্রিয়া যে জেলে বন্দি, সেটিও ইয়েমেনের উত্তরাংশে অবস্থিত। ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীকে আবার সমর্থন করে ইরান। নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে ভারত এবং হুথির মধ্যে মধ্যস্থতা করতে রাজি হয়েছে ইরান।ইয়েমেনের এক নাগরিককে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৩৭ বছরের নিমিশা প্রিয়া এখন সে দেশের জেলে বন্দি রয়েছেন।

এক মাসের মধ্যে নিমিশা প্রিয়ার সাজা কার্যকর হতে পারে বলে জানিয়েছে সে দেশের আদালত। কেন্দ্রের তরফেও ইতিমধ্যে পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।