
কলকাতা, বেঙ্গালুরু, আমদাবাদের ৪ শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস-এর সন্ধানে আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে বাড়ির বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কর্নাটক সরকার।
সোমবারই কলকাতায় পাঁচ মাসের এক শিশুর দেহে এইচএমপিভি-এর হদিস মিলেছে। তবে সুস্থ হয়ে ওই শিশু বাড়ি ফিরে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডিসেম্বরের শেষে মুম্বই থেকে বাবা-মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল শিশুটি। এখানে এসে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। সেখানে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে। সোমবারই বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে ওই ভাইরাসের হদিস পাওয়ার খবর জানা গিয়েছে। অহমদাবাদের এক শিশুও সংক্রমিত হওয়ার খবর মিলেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে চিকিৎসকদের মতে, এই ভাইরাসের সংক্রমণ কোভিডের মতো প্রাণঘাতী নয়। এই ভাইরাসের উপসর্গগুলির মধ্যে রয়েছে ঠান্ডা লাগা, কফ, গলা ব্যথা, সর্দি। কিছু ক্ষেত্রে ফুসফুসে সংক্রমণও দেখা যাচ্ছে। যদিও বেজিং দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।
শীতের সময় এই ধরনের রোগের বাড়বাড়ন্ত দেখা যায়। চিনের নাগরিক এবং সেখানে থাকা বিদেশিরা সুস্থ রয়েছেন।
