
বাঘিনি জিনত-র জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়। আবার কুলতলি-পুরুলিয়ায় জোড়া বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মৈপীঠের বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করতেই শোনা গিয়েছে গর্জন। সুন্দরবনের জঙ্গল ছেড়ে লোকালয়ে পড়া বাঘকে ফেরাতে তৎপর হয়েছে বন দফতর। বন দফতরের তরফে ইতিমধ্যেই বাঘ ধরার জন্য খাঁচা পাতার তোড়জোড় শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, আবারও বাঘের আতঙ্ক ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার চান্ডিল মহকুমা এলাকায়। এক কৃষকের বাছুরকে বাঘে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তুলগ্রাম ও বালিডি গ্রামের জঙ্গলে সংলগ্ন এলাকায়। চন্ডিল বন বিভাগ বাঘের অস্তিত্ব জানতে ঘটনাস্থলে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে, কিন্তু বাঘের সেরূপ কোনো হদিস পাওয়া যায়নি।
বন বিভাগ গ্রামবাসীদের সতর্ক থাকতে এবং সন্ধ্যা নামার সাথে সাথে তাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। গ্রামবাসীদের একত্রিত হয়ে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





