লন্ডনে ফ্ল্যাট : নিজের বিরুদ্ধে তদন্ত হাসিনার বোনঝির  

0
137
ছবি সৌজন্যে : এক্স

লন্ডনে বিনামূল্যের ফ্ল্যাট বিতর্কে এবার নিজের বিরুদ্ধেই তদন্ত চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটেনের লেবার পার্টি সাংসদ এবং সে দেশের সিটি মিনিস্টার।

সম্প্রতি লন্ডনে তাঁর একটি অ্যাপার্টমেন্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর থেকে তিনি বিনামূল্যে ওই ফ্ল্যাটটি নিয়েছেন। তা নিয়ে নীতি বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বোনঝির বিরুদ্ধে। ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিক সে দেশের আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। সেই মন্ত্রীর দিকেই নীতি বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে লেবার পার্টিও। টিউলিপ সিদ্দিকির ইস্তফার দাবিও তুলেছেন টরি পার্টির সাংসদেরা। যদিও শেখ হাসিনার তৎকালীন সরকার কিংবা তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে নিজের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন টিউলিপ সিদ্দিকি। তাঁর বক্তব্য, তিনি লেবার পার্টির সাংসদ। ব্রিটেনের পার্লামেন্টের সদস্য। তিনি বাংলাদেশি নন। যাদের বিষয়ে কথা বলছেন, তাদের বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। এই বিতর্কের আবহে ব্রিটেনের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসকে চিঠিও পাঠিয়েছন টিউলিপ সিদ্দিকি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ব্রিটেনের কোনও স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষকে দিয়ে তদন্ত করাতে চান তিনি। চিঠিতে টিউলিপ সিদ্দিকি লিখেছেন, তিনি কোনও ভুল করেননি।

তাও তিনি চান স্বাধীনভাবে এই বিষয়টি তদন্ত করে সত্য প্রকাশ্যে আনুন। যাতে কারও মনে কোনও সন্দেহ না থাকে।