
৩ বছর ধরে কেন মিলছে না একশো দিনের কাজে টাকা। সেই প্রশ্নে এবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি, শ্রমিজীবী মহিলা সমিতির সদস্যরা।
তাঁদের অভিযোগ ৩ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। কাজ করেও কেন টাকা পাবেন না, দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের জেরে অফিস থেকে বেরিয়ে পড়েন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। পাল্টা বিক্ষোভকারীদের নবান্নে গিয়ে দাবি জানাতে বলেন। রীতিমত মেজাজ হারিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন এটা কোনও সরকারি দফতর নয়, এটা বিজেপির কার্যালয়।
তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন নবান্নে গিয়ে বলতে কেন তারা ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের দেওয়া টাকার হিসেব দিচ্ছে না। হিসেব দিলেই কেন্দ্র টাকা দেবে বলে বিক্ষোভকারীদের পাল্টা জানিয়েছেন শমীক ভট্টাচার্য।
