
বিজাপুরে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর। মাওবাদী বিরোধী অভিযানে তৎপর হয়েছে প্রশাসন।
গোপন সূত্রে খবর পেয়ে বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে অভিযান চালিয়েছে ডিআরজি, এসটিএফ ও ডিসট্রিক্ট ফোর্সের যৌথবাহিনী। লুকিয়ে থাকা মাওবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রয়েছে। ৬ জানুয়ারি, এই বিজাপুরের কুটরু রোডে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালিয়েছিল মাওবাদীরা। অভিযান চালিয়ে ফেরার সময় রাস্তায় পুঁতে রাখা আইইডিতে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ভয়ঙ্কর সেই হামলায় ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু হয়েছিল। রবিবার বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বাহিনীর উপস্থিতি টের পেয়ে এবং পিছু হঠার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাবও আসে। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এখনও ওই এলাকা ঘিরে ফেলে জারি রয়েছে তল্লাশি অভিযান। মৃত মাওবাদীদের কাছ থেকে বিশেষ পোশাক, রাইফেল, পিস্তল-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেযাপ্ত করা হয়েছে।




