
পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলেই ২৫ হাজার টাকা পুরস্কার। এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গডকরি।দেশজুড়ে বেড়ে চলা পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ২০২১ সালে এক প্রকল্প চালু করা হয়েছিল কেন্দ্রের তরফে।
যার মাধ্যমে দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই ব্যক্তিকে ৫ হাজার টাকা ও প্রশংসাপত্র দেওয়া হত। মূলত দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে গোল্ডেন আওয়ার হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে আহত হাসপাতালে চিকিৎসা পেলে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে উৎসাহ দিতে এবার এই পুরস্কারের টাকা বাড়ানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। নাগপুরে এক অনুষ্ঠানে নীতীন গডকরি জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যেতে বর্তমানে যে পুরস্কার দেওয়া হয় তা যথেষ্ট নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গুড সামারিটান-এর মাধ্যমে আহতকে গুরুত্বপূর্ণ ওই এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের টাকা বাড়িয়ে ৫ হাজার থেকে ২৫ হাজার করা হবে।
উল্লেখ্য, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পথ দুর্ঘটনায় কেউ আহত হলে পাশ কাটিয়ে চলে যান সাধারণ মানুষ। সেই সমস্যাকে দূরে সরিয়ে সাধারণ মানুষ যাতে আহতের প্রাণ বাঁচাতে উদ্যোগী হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।








