বাঘাযতীনে ফের শুরু বাড়ি ভাঙার কাজ

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব
বাঘাযতীনের হেলে পড়া ৪ তলা ফ্ল্যাট ভাঙার কাজ ফের শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটবাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল। বুধবার সকালেও পুরোদমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা।
পৌঁছেছেন ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। তাঁদের অভিযোগ, বছর ১০-১২ আগে জলাভূমি বুজিয়ে বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়। এ প্রসঙ্গে দেবব্রত বলেন, এই বাড়ির আদৌ কোনও অনুমোদন প্রাপ্ত প্ল্যান রয়েছে কি না তাঁর সন্দেহ আছে। সম্প্রতি হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফ্‌ট করার চেষ্টা চলছিল। এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। সেই অনুমতিও নেওয়া হয়নি।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে শুভ অ্যাপার্টমেন্ট নামে ওই ফ্ল্যাটবাড়িটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। তবে বাসিন্দাদের কেউ সেখানে ছিলেন না, তাই বড়স়ড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।