
মাটির বাড়ি ধসে দু’জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাসের নন্দীপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন, উজ্জ্বলা হাজরা ও দেব কেওড়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন উজ্জ্বলা হাজরা। সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ির বরাদ্দ টাকা পাওয়ায় তিনি নিজের ঘর ভেঙে পাকা ঘর তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন। এই অবস্থায় সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি মাটির ঘরে আশ্রয় নিয়েছিলেন পরিবারের লোকজন। বুধবার গভীর রাতে যখন ওই ঝিটেবেড়ার ঘরে উজ্জ্বলা হাজরা নিজের নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই ঝিটে বেড়ার ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের।
গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় পৌঁছন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীরা।
