
প্রসূতি মৃত্যুর পরেও নড়েনি টনক। সেই মেদিনীপুর হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধের দোকানে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে ছত্রাক মেলায় উত্তেজনা ছড়িয়েছে।
এমনকি ওই স্যালাইনে নেই ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়েরি ডেট। জানা গিয়েছে হাসপাতালে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সরবরাহ বন্ধ থাকায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি প্রসূতির পরিবারকে বাইরের থেকে আরএল স্যালাইন কিনে আনতে বলা হয়। রোগীর পরিবারের লোকজন হাসপাতালের মধ্যে ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে স্যালাইন কিনে নিয়ে গেলেও কর্তব্যরত নার্স তাঁদের স্যালাইনগুলো পাল্টে আনতে বলেন।
এরপরেই পরিবারের লোকজন ওই স্যালাইন পাল্টাতে গেলে, ফেরত নিতে না চাওয়ায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়েই সেখানে পৌঁছয় বাম কর্মী সমর্থকরা। দূষিত স্যালাইন ব্যবহারের অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে।
