পশ্চিমি ঝঞ্ঝায় কলকাতায় শীত অধরা 

0
154
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

পশ্চিমি ঝঞ্ঝার জেরে চলতি মরসুমে জাঁকিয়ে শীত এখনও অধরা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচ-ছ’দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের চেয়েও শুক্রবার তাপমাত্রা বেড়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। গত এক সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে।  আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের নীচে।

অন্যান্য জেলাতেও কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা রয়েছে।