
তিন প্রতিশ্রুতি পূরণ না করার জন্য দিল্লিবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টি থেকে বিজেপি, কংগ্রেস জোরকদমে প্রচার সারছে।
অরবিন্দ কেজরিওয়ালের দল আপ একের পর এক ভোট-প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্যবাসীকে। সেই আবহেই ভোটপ্রচারে গিয়ে আপ প্রধান এক জনসভায় তাঁর পুরনো তিন প্রতিশ্রুতির কথা বলেছেন। তাঁর কথায়, তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা পূরণ করতে পারেননি।তাঁর প্রথম প্রতিশ্রুতি ছিল, যমুনা নদী পরিষ্কার করা। দুই, দিনের ২৪ ঘণ্টাই পরিশ্রুত পানীয় জল সরবরাহ। আর তিন, দিল্লির রাস্তাগুলি ইউরোপের রাস্তার মানে তৈরি করা।বিরোধীরা প্রায়শই অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করতে গিয়ে তাঁর প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন।
এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই সেই প্রতিশ্রুতি পূরণ না করতে পারার ব্যর্থতার কথা বলেছেন। তবে তিনি জানিয়ে দিয়েছেন, এই তিন প্রতিশ্রুতিই আগামী পাঁচ বছরের মধ্যে পূরণ করবেন।
