
সব ধর্মেরই উপাসনাস্থলের চরিত্র বজায় রাখতে আইন আনা দেশের পক্ষে জরুরি। তেমনটা না হলে দেশে বিভাজন, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে।
মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি তুলেছেন সিপিএমের পলিটব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। তাঁর কথায় সুপ্রিম কোর্টকে এই আইন প্রয়োগ করতে ব্যবস্থা নিতে হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে প্রকাশ কারাত জানিয়েছেন তিনদিনের বৈঠকে আসন্ন পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব চূড়ান্ত হয়েছে। ২-৬ এপ্রিল মাদুরাইয়ে হবে পার্টি কংগ্রেস। জনসাধারণের মতামত এবং আলোচনার জন্য পয়লা ফেব্রুয়ারি এই খসড়া প্রকাশ করা হবে।
একইসঙ্গে গুরুত্ব দিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের সংবিধান সংশোধনের চেষ্টা, কৃষিপণ্য বিপণন নীতি কাঠামো খসড়া এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র বিধি সংশোধন খডসড়ার বিরুদ্ধে জনমত গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি।








