রাহুলের হোয়াইট টি-শার্ট আন্দোলন 

0
146
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি নির্বাচনের আগে হোয়াইট টি-শার্ট আন্দোলন শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আন্দোলনের লক্ষ্য, দরিদ্র ও শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে লড়াই।
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার মুষ্টিমেয় পুঁজিপতিদের স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং দরিদ্রদের অবহেলা করে। তাই শ্রমিক শ্রেণির স্বার্থে সাদা টি-শার্ট আন্দোলন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার দরিদ্র ও শ্রমিক শ্রেণির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই সরকার সম্পূর্ণরূপে তাদের ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। কয়েকজন মাত্র পুঁজিপতিকে সমৃদ্ধ করার দিকেই সরকারের সম্পূর্ণ মনোযোগ। এর ফলে সমাজে বৈষম্য ক্রমে বাড়ছে। দেশকে লালন-পালন করেন যারা, সেই কঠোর পরিশ্রমকারী শ্রমিক শ্রেণির অবস্থা দিন-দিন আরও খারাপ হচ্ছে। তাদের নানা ধরণের অবিচার ও অত্যাচার সহ্য করতে হচ্ছে। তিনি আরও লিখেছেন, এমন পরিস্থিতিতে, তাদের ন্যায়বিচার এবং অধিকার আদায় করা সকলের দায়িত্ব। এই ভাবনা থেকেই কংগ্রেস সাদা টি-শার্ট আন্দোলন শুরু করছে। মিসড কল এবং ওয়েবসাইটের মাধ্যমে এই আন্দোলনে যোগ দেওয়া যাবে।
সেই ওয়েবসাইটে বলা হয়েছে, সাদা টি-শার্ট শুধুমাত্র একটি পোশাক নয়। এটি করুণা, ঐক্য, অহিংসা, সাম্য এবং সকলের জন্য অগ্রগতির মতো পাঁচটি মূল্যবোধের প্রতীক।