ট্রাম্পের শপথ, জিনপিং-পুতিন বৈঠক 

0
176
ছবি সৌজন্যে : এক্স
মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথের পরেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, দু’দেশের রাষ্ট্রনেতার আলোচনাটি হয় বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ।
তবে বৈঠকের বিষয়ে বিশদ স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ভিডিও কলের শুরুতেই ভ্লাদিমির পুতিন চিনা প্রেসিডেন্টকে ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, তিনি চান রাশিয়া-চিনের মধ্যে সর্বাত্মক শরিকি বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা গড়ে তুলতে হবে এক নতুন পরিকল্পনায়।মস্কো ও বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার পিছনে অনেকগুলি জাতীয় স্বার্থবাহী ঐক্য রয়েছে বলে মনে করেন তিনি।দুই দেশের সম্পর্ক টিকিয়ে রেখেছে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনের কারণে।ক্রেমলিনের পক্ষ থেকে এই কথাবার্তার ভিডিও প্রকাশ করা হয়েছে। দুই রাষ্ট্রনেতার এই ভিডিও কল নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে এখনও পর্যন্ত চিন নিজেকে নিরপেক্ষ ভূমিকায় রেখেছে। যদিও মস্কো ও বেজিংয়ের মধ্যে এখনও রাজনৈতিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠ সমঝোতা বজায় রয়েছে।
বিশেষত চিন এখনও পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমালোচনা না করায় ইউরোপীয় দেশগুলি তথা মার্কিন শক্তি নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলি বেজিংকে সংঘর্ষের নীরব সমর্থক বলে মনে করে।