
রাশিয়া সেনায় ভারতীয়দের নিয়োগের কোনও প্রমাণ নেই। এমনটাই জানিয়েছে ইউক্রেন। লোভনীয় বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়।
তারপরে বাধ্য করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ে নামতে। কয়েক মাসে এমনই নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি কেরলের যুবক বিনিল টিবির মৃত্যু খবর প্রকাশ্যে আসার পর এ নিয়ে তৎপর হয়েছে বিদেশমন্ত্রকও। এই আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের শীর্য আধিকারিক আনদ্রি ইয়েরমাক জানিয়েছেন, তাদের কাছে ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে নিয়োগ করার কোনও তথ্য নেই। ইউক্রেন উত্তর কোরীয়দের রুশ সেনায় কাজ করার বিষয়ে জানে। সেই খবর প্রকাশ্যে এসেছে। কিউবার বেশ কয়েকজন নাগরিককেও এভাবে টোপ দিয়ে সেনায় নিয়োগ করা হয়েছে। এছাড়াও অন্য বেশ কয়েকটি দেশের নাগরিককে মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।ইউক্রেন কূটনৈতিক সূত্র মারফত সেই দেশগুলির সঙ্গে কথা বলেছে। তাদের জানিয়েছে, বিষয়টি অনুচিত।
এতে দু’দেশের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়। শুধু তাই নয়, রাশিয়ায় আটকে থাকা ইউক্রেনের শিশুদের নিঃশর্ত মুক্তির বিষয়েও ভারতের সাহায্য চেয়েছেন আনদ্রি ইয়েরমাক।



