
ঘণ্টা কয়েকের মধ্যেই সিদ্ধান্ত বদল নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড-এর। বুধবার দুপুরে জানা যায়, হিংসাদীর্ণ মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিচ্ছে নীতীশ কুমারের দল, যা নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামেন জেডিইউ নেতৃত্ব।
স্পষ্ট করে, মণিপুরে বিজেপি সরকারের থেকে সমর্থন তুলছে না তাঁরা। তবে রাজনীতিবিদদের একাংশের মতে, চাপে পড়েই ড্যামেজ কন্ট্রোল-এর চেষ্টা করল জেডিইউ। বুধবার দুপুরে জানা যায়, রাজ্যপাল অজয়কুমার ভল্লাকে চিঠি লিখে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন মণিপুরের জেডিইউ রাজ্য সভাপতি কেশ বীরেন সিং। শুধু রাজ্যপাল নন, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং বিধানসভার স্পিকারকেও বিষয়টি জানানো হয়।সেই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি আসরে নামেন জেডিইউ নেতৃত্ব। জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীবরঞ্জন প্রসাদ ওই চিঠিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব জেডিইউ-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই রাজ্যপালকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন। পাশাপাশি, চিঠি লেখার জন্য মণিপুরের জেডিইউ রাজ্য সভাপতি কেশ বীরেন সিংকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজীবরঞ্জন প্রসাদ।






