ওয়াকফ বিল : জেপিসিতে তুমুল বিতণ্ডা, সাসপেন্ড কল্যাণ-সহ ১০

0
101
ছবি সৌজন্যে : এক্স

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শাসক এবং বিরোধী সাংসদদের বিতণ্ডায় উত্তাল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। শুক্রবার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি-র নিশিকান্ত দুবে।

বিতণ্ডা এমন জায়গায় পৌঁছোয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন জেপিসি চেয়ারম্যান জগদম্বিকে পাল। ২৭ জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতুবি রাখা হয়েছে বলে খবর। জেপিসি-র শেষ ট্যুর ছিল ২১ জানুয়ারি।তারপর কমিটির তরফে নোটিস দেওয়া হয় ২৪ এবং ২৫ জানুয়ারি ওয়াকফ বিল নিয়ে বৈঠক হবে। যদিও বিরোধী সাংসদদের অনেকে এর বিরোধিতা করেন। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের কাছে বিরোধীরা অনুরোধ করেন বৈঠকের দিন পিছিয়ে ৩০-৩১ করা হোক। বিরোধীদের একাধিক সাংসদের দাবি, মৌখিক ভাবে ওই আবেদন মেনে নেওয়া হলেও সরকারি ভাবে নোটিস দেওয়া হয়নি। এরমধ্যে ২৩ জানুয়ারি রাতেই দিল্লিতে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী সাংসদেরা। শুক্রবার বৈঠকে বলা হয়, ২৪ জানুয়ারি জম্মু-কাশ্মীরের সাংসদদের বক্তব্য শোনা হবে। ২৭ জানুয়ারি অন্যান্য সাংসদের বক্তব্য শোনা হবে। তারই প্রতিবাদ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তাদের দাবি, এত তাড়াহুড়ো কেন। এ নিয়ে নিশিকান্ত দুবের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর।

উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ রাজা, সঞ্জয় সিং-সহ ১০ সাংসদকে সাসপেন্ড করা হয়। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, বৈঠকের নামে প্রহসহ হচ্ছে।