
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের হাসপাতালে বিদ্রোহী গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
হু প্রধান জানিয়েছেন, সুদানের উত্তর দারফুর প্রদেশের অল ফাসেরের সৌদি হাসপাতালে ভয়াবহ হামলায় ১৯ জন আহত হয়েছেন, পাশাপাশি মৃত্যু হয়েছে ৭০ জনের। এই হামলায় সময় হাসপাতালে অসুস্থদের ভিড় ছিল। সেখানেই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে হু প্রধান কিছু না জানালেও, স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, হামলার পিছনে রয়েছে আরএসএফ। যদি বিদ্রোহী গোষ্ঠীদের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়নি। পাশাপাশি আহতদের বেশিরভাগেরই অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন দেশটির সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালো।
