
আর জি কর কাণ্ডে তৃণমূলের চিকিৎসক সেল ব্যর্থ হওয়ায় প্রতিরোধ গড়তে এবার দলের অন্য চিকিৎসকদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে তৃণমূল। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের আত্মপ্রকাশের কথা জানিয়েছেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী তথা পেশায় চিকিৎসক শশী পাঁজা।
চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি এই সংগঠনের নাম দেওয়া হয়েছে প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সভানেত্রী করা হয়েছে মন্ত্রী শশী পাঁজাকে। বাণিজ্যমন্ত্রী বলেছেন, সংগঠনের নির্দিষ্ট ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশনের জন্য পাঠানো হয়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে রাজ্য ও জেলাভিত্তিক কমিটি গঠন করা হবে। তখন দেখা যাবে সংগঠনের কে কোথায় জায়গা পেয়েছেন।সংগঠনে গোষ্ঠীকোন্দল আটকাতে সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি চালু করেছেন শশী। সাংবাদিক বৈঠকে একটি ইমেল আইডি ঘোষণা করেছেন তিনি। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে চিকিৎসক তথা স্বাস্থ্য পরিষেবায় কর্মরত যে কোনও ব্যক্তি ইমেল করে সংগঠনের সদস্য হওয়ার আবেদন জানাতে পারবেন।
তবে আবেদনকারীকে সংগঠনের সদস্য করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আরজি কর আন্দোলনের সময় যে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাঁরা সংগঠনের সদস্য হতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে।
