
প্রথম ক্রিকেটার হিসাবে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে শতরান করেছেন ভারতের গোঙ্গাদি তৃষা। তাঁর ৫৯ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সুপার সিক্স পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত।
প্রথমে ব্যাট করে ১ উইকেটে ২০৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। জবাবে ১৪ ওভারে ৫৮ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। ১৫০ রানে জয় পায় ভারতীয় দল। বল হাতেও ভাল পারফর্ম করেছেন গোঙ্গাদি তৃষা। তিনি ৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ভাল বল করেছেন আরও দুই ভারতীয় বোলার। ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্লা। ৫ রানে ৩ উইকেট নিয়েছেন বৈষ্ণবী শর্মা। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন গোঙ্গাদি তৃষা।তাঁর ১১০ রানের অপরাজিত ইনিংস মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানও। তিনি ভেঙেছেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভান্সের রেকর্ড। তিনি ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রান করেছিলেন।
এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও গোঙ্গাদি তৃষা নজর কেড়েছিলেন। পাঁচ ম্যাচে ১৫৯ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।







