যমুনায় বিষ : নির্বাচন কমিশনে জবাব কেজরিওয়ালের 

0
145
ছবি সৌজন্যে : এক্স

যমুনায় বিষ জল ইস্যুতে নোটিসের জবাব দিতে নির্বাচন কমিশনের দফতরে হাজিরা দিয়েছেন আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কমিশনের নির্দেশ মেনে শুক্রবার দুপুরে নির্বাচন সদনে হাজির হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সঙ্গে ছিলেন আপের দুই মুখ্যমন্ত্রী দিল্লির আতিশী মারলেনা এবং পাঞ্জাবের ভাগবন্ত মান।কমিশনের দফতর থেকে বেরিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির ভোটে প্রভাব খাটানোর চেষ্টা করছে হরিয়ানা সরকার। একই সঙ্গে কমিশনের উদ্দেশে তিনি বলেছেন, দেখা যাচ্ছে অভিযুক্তকে কোনও প্রশ্ন না করে অভিযোগকারীকেই নিশানা করা হচ্ছে। এর আগে বুধবার নোটিসের জবাবে অরবিন্দ কেজরিওয়াল যা বলেছিলেন তাতে খুশি হয়নি নির্বাচন কমিশন। শুক্রবার বেলা ১১টার মধ্যে তাঁকে ছ’টি সুনির্দিষ্ট প্রশ্নের জবাব পাঠাতে বলা হয়েছিল কমিশনের তরফে।

প্রসঙ্গত, সোমবার হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ এনেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরে একই অভিযোগ তুলেছিলেন আতিশী মারলেনাও। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে কমিশন অরবিন্দ কেজিওয়ালের কাছে জানতে চেয়েছে কোন সূত্রে তিনি এ খবর পেয়েছেন।