
সম্পর্কে টানাপড়েনের মধ্যেও বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ কমাল না ভারত। একই সঙ্গে মলদ্বীপের সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে ভারত।
শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় সেই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪ সালে মলদ্বীপের উন্নয়নে সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই বরাদ্দ ২৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের নথি বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে মলদ্বীপের উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। অগস্টে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। তারপর থেকে সে দেশের সঙ্গে সম্পর্কে টানাপড়েন চলছে। যদিও বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারকে দেওয়া সাহায্যের প্রস্তাবে কোনও কাটছাঁট করেনি এনডিএ সরকার। এই খাতে ২০২৪-২৫ সালে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চলতি অর্থবর্ষেও বরাদ্দ একই রয়েছে। বিদেশি রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে বেশি সাহায্য প্রস্তাব করা হয়েছে ভুটানের জন্য। ২০২৫-২৬ অর্থবর্ষে ২ হাজার ১৫০ কোটি টাকা সাহায্য প্রস্তাব করা হয়েছে ওই প্রতিবেশী দেশের জন্য। নেপালের বরাদ্দ রয়েছে ৭০০ কোটি টাক।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জন্য বরাদ্দ হয়েছে ৩০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষে মরিশাসকে ৫০০ কোটি টাকা সাহায্য বরাদ্দ করা হয়েছে।





