
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মরত অবস্থায় আগুনে ঝলসে গিয়ে মারা গিয়েছেন এক শ্রমিক, আশঙ্কাজনক অবস্থায় আরও দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কাণ্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের ডিপিএলের সাত নম্বর ইউনিটে।
শ্রমিকদের তরফে দাবি, রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে মালগাড়ির ওয়াগান লোডিংয়ের সময় বিদ্যুতের তারে তড়িদাহ হয়ে মৃত্যু হয়েছে পৃথ টুডু নামে এক শ্রমিকের। তাদের নিরাপত্তা, মৃত এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করেন কোকওভেন থানার পুলিশ এবং কর্তৃপক্ষ।
যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস মিলতে বিক্ষোভ তুলে দেন শ্রমিকরা। গোটা ঘটনায় শ্রমিকদের নিরাপত্তায় গাফিলতির প্রশ্নে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
