
উৎক্ষেপণের চার দিনের মাথাতেই যান্ত্রিক ত্রুটির ফলে বাধার মুখে ইসরো-র শততম মিশন। রবিবার মহাকাশে পা রাখা ইসরোর কৃত্রিম উপগ্রহ এনভিএস-২’এ দেখা দিয়েছে প্রযুক্তিগত ত্রুটি।
বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়েছে তারা। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি এফ-১৫ হল দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট। এটির মাধ্যমেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছিল এনভিএস-০২-কে। কিন্তু চার দিন যেতে না যেতেই বাধা পড়েছে সেই মিশনে। রকেটের থ্রাস্টারগুলিকে ফায়ার করার জন্য জারকের প্রয়োজন। নির্দিষ্ট ভাল্ভ খুললেই সেই জারক নির্গত হতে পারে। ইসরো জানিয়েছে, সময়মতো খোলেনি ভাল্ভ। ফলে এনভিএস-২কে কক্ষপথের নির্ধারিত জায়গায় স্থাপনের কাজও সফল হয়নি। ইসরো জানিয়েছে, কৃত্রিম উপগ্রহটি আপাতত উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে।
যতক্ষণ না এনভিএসের তরল ইঞ্জিন সুষ্ঠু ভাবে কাজ করছে, তত ক্ষণ পর্যন্ত মিশন নিয়ে কিছুই বলা যাচ্ছে না। এনভিএস-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে কত সময় লাগবে, তা এখনও জানা নেই। সে রকম হলে মিশনটি বাতিলও হয়ে যেতে পারে বলে জানিয়েছে ইসরো।
