
বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। দিন দিন এই ব্রাউজারটি সাইবার অপরাধীদের প্রধান টার্গেট হয়ে উঠেছে। ব্রাউজারের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ইউজারদের ব্যক্তিগত ডেটা চুরি করছে এবং পুরো ব্রাউজার নিয়ন্ত্রণে নিচ্ছে।
ফলে, কোটি কোটি ইউজার এখন একটি গুরুতর সাইবার ঝুঁকিতে রয়েছেন।সাইবার সিকিউরিটি ফার্ম স্কোয়ারএক্সের গবেষকরা সম্প্রতি একটি নতুন হ্যাকিং পদ্ধতি চিহ্নিত করেছেন, যার নাম দেওয়া হয়েছে,ব্রাউজার সিংকজ্যাকিং। এই হামলাটি হ্যাকারদের জন্য অত্যন্ত সহজ এবং সঙ্গতিপূর্ণ। এতে গুগল ক্রোমের ইউজারের ডেটা খুব কম অনুমতির মাধ্যমে চুরি করা হয়।হ্যাকাররা প্রথমে একটি ক্ষতিকর গুগল ওয়ার্কস্পেস ডোমেন তৈরি করে, যেখানে একাধিক ইউজার প্রোফাইল থাকে এবং নিরাপত্তা ফিচার যেমন মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বন্ধ থাকে। এরপর একটি ম্যালওয়্যার ক্রোম এক্সটেনশন ডেভেলপ করে, যা ক্রোম স্টোরে একটি সেফ সফটওয়্যার হিসেবে ছড়িয়ে দেয়া হয়। একবার এক্সটেনশনটি ইনস্টল হলে,এটি ক্রোম ব্রাউজারের সাথে সংযুক্ত হয়ে ইউজারের ডেটা চুরি করে নেয়।এক্সটেনশনটি ইউজারদের গুগল সাপোর্ট পেজে নিয়ে গিয়ে সিংক ফিচার চালু করতে বলে।এই সিংক ফিচারটি চালু হলে,পুরো ক্রোম অ্যাকাউন্টের তথ্য যেমন ব্রাউজিং ইতিহাস এবং পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যায়।
স্কোয়ারএক্সের মতে, এই সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা শুধু তথ্য চুরি করতে পারে না, তারা ব্রাউজারটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম। এর মাধ্যমে ডিভাইসে ভাইরাস ইনস্টল করা, ওয়েবক্যাম ও মাইক্রোফোন চালু করা, এমনকি পাসওয়ার্ড চুরি করা পর্যন্ত সম্ভব।
