
সিপিএমের পার্টি কংগ্রেসে ৭৫ বছরের বেশি বয়সিদের পলিটবুরো ও কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়ার নীতি মেনেই নতুন পলিটবুরো ও কেন্দ্রীয় কমিটি গঠন হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক প্রকাশ কারাট।
প্রকাশ কারাট পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়া প্রকাশ করে বলেন, গত পার্টি কংগ্রেস থেকে সিপিএমের রাজনৈতিক লাইনে কোনও পরিবর্তন হয়নি। প্রথমত, সিপিএম নিজের রাজনৈতিক শক্তি বাড়ানোয় মন দেবে। দ্বিতীয়ত, বাম ও গণতান্ত্রিক শক্তিকে এককাট্টা করে বিজেপির বিরুদ্ধে বিকল্প তৈরির চেষ্টা করবে। তৃতীয়ত, ধর্মনিরপেক্ষ দলগুলিকে এককাট্টা করে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। তবে এ বার বিশেষ জোর দেওয়া হবে পার্টির নিজস্ব শক্তি বৃদ্ধির দিকে। প্রশ্ন উঠেছে, সীতারাম ইয়েচুরির প্রয়াণের পরে সঙ্কটের পরিস্থিতিতে কি এ বারও ব্যতিক্রম করা হবে? কারণ ৭৫ বছরের বয়সসীমা মানলে আগামী এপ্রিলে মাদুরাই পার্টি কংগ্রেসে এক সঙ্গে প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, সুভাষিণী আলি, পিনারাই বিজয়ন, সূর্যকান্ত মিশ্র, জি রামকৃষ্ণণের মতো অন্তত ৭ জনের একই সঙ্গে পলিটবুরো ও কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ে যাওয়ার কথা। বিজয়নের রাজ্য কেরলে আগামী বছর ভোট।
বাকিদের মধ্যে অনেকে ইয়েচুরির অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে পারতেন। সিপিএমের সমন্বয়ের দায়িত্ব পালনকারী কারাটের মতে, নতুন পলিটবুরো ও কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে সাধারণ সম্পাদক কে হবেন।







