
দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজের কুম্ভমেলার ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে পুণ্যস্নান করার কথাই ছিল তাঁর।
দিনক্ষণও আগেই জানানো হয়েছিল। তবে প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনার পর তাঁর মহাকুম্ভে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মোদীর প্রয়াগরাজের সূচি জানানো হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ১০টা ০৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর বিমান প্রয়াগরাজে নামার কথা। সেখান থেকে হেলিকপ্টারের চেপে প্রয়াগরাজের আরিয়াল ঘাটে পৌঁছবেন তিনি। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আরিয়াল ঘাটে মোদীর হেলিকপ্টার নামার কথা। সেখান থেকে নৌকায় চেপে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সঙ্গমে স্নান করবেন তিনি। তার পর আবার নৌকায় চেপে আরিয়াল ঘাটে আসবেন মোদী।
সেখান থেকে হেলিকপ্টারে করে বিমানবন্দর এবং তার পর সেখান থেকে সেনাবাহিনীর বিমানে প্রয়াগরাজ ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। মহাকুম্ভে আগত সাধুসন্তদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি।






