
নির্বাচনের দিনেই টাকা বিলির অভিযোগ পালটা অভিযোগে সরগরম হয়ে উঠেছে দিল্লি। আম আদমি পার্টির বিরুদ্ধে ভুয়ো ভোটার ব্যবহার করে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি।
পালটা ভোটারদের প্রভাবিত করতে বিজেপি টাকা বিলোচ্ছে বলে অভিযোগ করেছে আপ। সিলামপুর বিধানসভা কেন্দ্রে আপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে বিজেপি। দাবি করা হয় বাইরে থেকে মহিলাদের এনে বোরখা পরিয়ে ভুয়ো ভোট দেওয়ানো হচ্ছে। বিজেপির দাবি, স্থানীয় বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেছেন, তাঁরা ভোট দিতে গেলে বলা হয়, তাঁদের ভোট হয়ে গিয়েছে। এই অভিযোগে ভোট কেন্দ্রের সামনে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও গালিগালাজ শুরু হয়। আপ-বিজেপির পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেসও। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। সব দলের কর্মীদের সরিয়ে দেওয়া হয়। এদিকে সিলামপুরের পাশাপাশি অশান্তির খবর পাওয়া গিয়েছে মণীশ সিসোদিয়ার কেন্দ্র জঙ্গপুরা ও চিরাগ দিল্লিতে। জঙ্গপুরা কেন্দ্রে পুলিশের সঙ্গে তর্কে জড়ান মণীশ। তাঁর অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতে ভোটারদের অবাধে টাকা বিলোচ্ছে বিজেপি।
একটি বাড়ি থেকে এই টাকা বিলি করা হচ্ছে। পুলিশ সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না।
